নারায়ণগঞ্জে ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা, কেক কাটা ও মিলনমেলার আয়োজন করা হয়েছে। আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুধীজন অংশগ্রহণ করেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ পাঠ ও দেশের শান্তি, সমৃদ্ধি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা সংগঠনের কার্যালয়ে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ সভাপতি হরি সাহার সভাপতিত্বে ও মহানগরের সাধারণ সম্পাদক অরুন দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র পাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রিচার্ড সৌরভ দেউরী ও অসিম বড়ুয়া।
আলোচনা সভায় প্রধান অতিথি লিটন চন্দ্র পাল বলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ প্রতিষ্ঠালগ্ন থেকে অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন, মানবাধিকার রক্ষা এবং ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ন্যায্য অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের প্রতিটি সংকট ও দুর্যোগে সংগঠনটি মানুষের পাশে দাঁড়িয়েছে এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বিশেষ অতিথি মি. রিচার্ড সৌরভ দেউরী বলেন, “বাংলাদেশ সকল ধর্মের মানুষের দেশ। এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বহু পুরোনো। সেই ঐতিহ্যকে ধারণ করে সকলকে একসাথে কাজ করতে হবে। বিভেদ নয়, পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার মাধ্যমেই একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।”
তারা বলেন, বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা, মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক আদর্শে উদ্বুদ্ধ করতে ঐক্য পরিষদকে আরও শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। একইসঙ্গে শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, “৩৮ বছরের এই পথচলায় অসংখ্য মানুষ ঐক্য পরিষদের সঙ্গে সম্পৃক্ত হয়ে মানবতা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিয়েছেন।
ভবিষ্যতেও সকল অন্যায়, বৈষম্য ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করবে ঐক্য পরিষদ।”
এ সময় উপস্থিত ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার দাস,সাংগঠনিক সম্পাদক অশোক সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস,অর্থ সম্পাদক পিন্টু রায়, মহানগরের সহ-সভাপতি বিকাশ সাহা,বিপ্লব ঘোষ মনা, যুগ্ম সাধারণ সম্পাদক হিমাদ্রী সাহা হিমু, সহ-সাধারণ সম্পাদক অজয় সুত্রধর, তপন চন্দ্র ধর, সাংগঠনিক সম্পাদক বিপ্লব কুন্ডু,সুব্রত সাহা, এড. রতন সরকার,জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি আনন্দ কুমার সেরাওগী সুমন, সাধারণ সম্পাদক ভজন চন্দ্র দাস, নারায়ণগঞ্জ মহানগর যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রিপন কর্মকার, বন্দর উপজেলা যুব ঐক্য পরিষদের সভাপতি তুলশী ঘোষ, নারায়ণগঞ্জ মহানগর যুব ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক মিঠুন দত্ত বিল্লু,মহানগর ঐক্য পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক জীবন সাহা, জয়ন্ত সাহা পিংকু, গৌতম দত্ত, কোষাধ্যক্ষ পংকজ রায়, প্রচার সম্পাদক মানিক বিশ্বাস, বিপুল পোদ্দার, বন্দর উপজেলা ঐক্য পরিষদের সাধারণ সস্পাদক সুজন চন্দ্র দাস, অবনী হালদার, মিঠু চক্রবর্তী, সদর উপজেলার নেতা কিশোর দাস (পঞ্চবটী), রতন মন্ডল,গোবিন্দ চন্দ্র দাস, সুমন ঘোষ, মহানগর নেতা প্রবাস বিশ্বাস, বিপ্লব বাড়ৈ, প্রদীপ দাস,সুজিত ভৌমিক,কৃষ্ণপদ মজুমদার, সনি সাহা, সত্যরঞ্জন দেবনাথ, কিশোর দাস, ভবন বর্মন, খোকন বিশ্বাস, তন্ময় দাস তুর্য সহ নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে দিবসটির শুভ উদ্বোধন করা হয়। পরে উপস্থিত নেতাকর্মী ও অতিথিদের অংশগ্রহণে শুভেচ্ছা বিনিময় ও মিলনমেলা অনুষ্ঠিত হয়।

মতামত দিন