খেলা

‘শিশুদের বিকাশে প্রতিটি ওয়ার্ডে ইনডোর স্টেডিয়ামের দাবি’

অগ্রবাণী ডেস্ক:

শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলার মাঠের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জের তরুণ রাজনৈতিক নেতা সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জি. এম. সাদরিল।

তিনি বলেন, "আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য খেলাধুলার পরিবেশ অত্যন্ত জরুরি। কিন্তু নগরায়ণের চাপে দিন দিন খেলার মাঠ হারিয়ে যাচ্ছে, যা শিশুদের বিকাশে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।"

তিনি আরও বলেন, খেলাধুলা শিশুদের শরীরকে যেমন সুস্থ রাখে তেমনি মননশীলতা, নেতৃত্বগুণ, দলগত চেতনা এবং দায়িত্ববোধ গড়ে তোলে। এজন্য প্রতিটি এলাকায় শিশুদের খেলার মাঠ সংরক্ষণ করা এবং নতুন মাঠ তৈরি করা সময়ের দাবি।

জায়গার স্বল্পতার কারণে মাঠ তৈরির ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকলেও এর বিকল্প সমাধান হিসেবে তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উদ্যোগে প্রতিটি ওয়ার্ডে আধুনিক ইনডোর স্টেডিয়াম নির্মাণের দাবি জানান। তিনি বলেন, "আমরা চাই আগামী প্রজন্ম বইয়ের পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সমানভাবে এগিয়ে যাক। সিটি করপোরেশন চাইলে এই উদ্যোগ বাস্তবায়ন করতে পারে।"

আরএস/ডিএ

মতামত দিন