আপোস না করে দেশের জন্য কাজ করে যাবো- গিয়াসউদ্দিন
ডেস্ক রিপোর্ট (অগ্রবাণী):
অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বিএনপি কখনো আপোস করে নাই। তাই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আপোসহীন নেত্রী হিসেবে সারাদেশে পরিচিত বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিন।
'আমরাও বর্তমানে কোন ধরনের আপোস না করে শুধু দেশের মানুষের জন্য কাজ করে যাবো' - বক্তব্যে যোগ করেন গিয়াসউদ্দিন।
সোমবার (২৫ আগস্ট) বিকেলে সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, স্বৈরশাসক আজ পালিয়েছে। তারা অনেক অর্থ সম্পদ লুটপাট করে বিদেশে নিয়ে গিয়েছে। এদেশও তারা অনেক সম্পদ গড়ে তুলেছে। তারা আজকে ষড়যন্ত্র করছে ভোটের অধিকার যেনো প্রতিষ্ঠিত না হয়। আজকে সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করে বিএনপিকে গুরুদায়িত্ব নিতে হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। সেজন্য অনেক রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে জনগণের কাছ থেকে বিএনপিকে সরিয়ে নিতে।
গিয়াসউদ্দিন আরও বলেন, গত বছরের ৫ আগস্টের পর বাংলাদেশ স্বৈরশাসন থেকে মুক্তি পেয়ে নতুন স্বপ্ন দেখতে শুরু করে। শেখ হাসিনার সময়ে অনুষ্ঠিত তিনটি জাতীয় নির্বাচন ছিল প্রহসনের, যেখানে জনগণ মৌলিক ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়েছি। অথচ পরবর্তীতে স্বৈরশাসক এসে গণতন্ত্রকে হত্যা করেছে। তাই আবারও আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সংগ্রাম শুরু করেছি। বিএনপি বছরের পর বছর গুম, খুন, জেল-জুলুম ও নির্যাতন সহ্য করেও গণতন্ত্র রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন দেশের বাইরে আছেন। শাসকযন্ত্র তাকে দেশে ফিরতে দেয়নি। সেখান থেকেই তিনি আন্দোলনে দিকনির্দেশনা দিয়েছেন এবং নেতৃত্ব দিয়ে সফল করেছেন। এখন দেশের সবচেয়ে বড় প্রয়োজন গণতন্ত্র প্রতিষ্ঠা করা। নির্বাচনের জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে, কবে তারা ভোট দিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন।
আরএস/ডিএ

মতামত দিন